মো: মহিন উদ্দীন: বন্দরনগরী চট্টগ্রামের কোতোয়ালী থানায় গত জুলাই মাসে লকডাউনের মধ্যেও ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় অভিযোগ জমা পড়েছে ১৪৮টি।
থানা সুত্রে জানা যায়, চলতি বছরের গত জুলাই মাসে ৫৩টি মামলা রুজু হয়। যার মধ্যে মাদকের মামলা ১৩টি, অস্ত্র আইনের মামলা ১১টি, চুরির মামলা ৬টি, দস্যুতার মামলা ২টি, ধর্ষণ ১টি, যৌতুক মামলা ১টি, অপহরণ মামলা ১টি, চোরাচালান মামলা ১টি ।এছাড়া অন্যান্য অভিযোগে আরো ১৭টি মামলা দায়ের করা হয় যার মধ্যে রয়েছে মারামারি, প্রতারণা, চেক জালিয়াতি, খুন, ছিনতাই মামলা। অন্যদিকে একই সময়ে অভিযোগ জমা পড়ে ১৪৮টি। এসব অভিযোগের বেশিরভাগ মারামারি ও হানাহানির।
এই বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি মো: নেজাম উদ্দীন পিপিএম সিপ্লাস প্রতিবেদককে বলেন, থানায় গত জুলাই মাসে বিভিন্ন অপরাধের জন্য মোট ৫৩টি মামলা রুজু হয়। এসব মামলার অনেকগুলোই তদন্ত শেষের পথে এবং একইভাবে ১৪৮টি অভিযোগ জমা পড়েছে। তার প্রায় সবগুলোই দুই পক্ষকে ডেকে মীমাংসা করা হয়েছে।তিনি আরো জানান, কোন রকমের অপরাধমুলক কর্মকাণ্ডকে ছাড় দেয়া হচ্ছে না। অভিযোগ দেয়ার সাথে সাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেগুলো জরুরি মনে করা হচ্ছে সেগুলো উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হচ্ছে বলে জানান তিনি।








