নিউজটি শেয়ার করুন

নগরীর কোতোয়ালী থানা এলাকায় জেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযানে আটক ১১

নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড়, টেরিবাজার ও পুরাতন রেলস্টেশন এলাকায় ভবঘুরে মাদকসেবীদের দৌরাত্য দিন দিন বেড়েই চলছিলো। প্রকাশ্য মাদকসেবনের পাশাপাশি এই সব এলাকায় বেড়ে গেছে নানান অপরাধ কার্যক্রম৷ বিশেষ করে নিউ মার্কেট এলাকায় যানবাহনের যাত্রীদের কাছ থেকে মোবাইল সহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা হরহামেসা ঘটছে। অভিযোগ পাওয়া গেছে এসব মাদকসেবীরা নেশার টাকা জোগাড় করতে ছিনতাই ও চুরির মতন অপরাধে জড়িয়ে পড়ছে৷

অবশেষ আজ লালদিঘীর পাড়, টেরিবাজার ও পুরাতন রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাদকবিরোধী অভিযান চালায়। এসময় এসব এলাকা থেকে ১১ জন মাদকসেবীকে আটক করে জেল জরিমানা করেন অভিযানে নেতৃত্ব দেয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

মাদকবিরোধী অভিযানে লালদিঘীর পাড় থেকে মোট ৬জন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থান আটক করে। প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। তারা হলেন মোঃ শাকিল (২০), মোঃ সাইফুল ইসলাম (৩২), মোঃ জামাল (৪০), মোঃ নবী হোসেন (২৬), মোঃ রশিদ (২৪) এবং মোঃ আরমান (২৫)। পুরাতন রেলস্টেশনের নিউ বিরতি হোটেলের সামনে থেকে মোঃ রাসেল (৩০) এবং মোঃ জয়নাল আবেদীন (৩০) কে গাঁজা সেবনের অপরাধে প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অপরদিকে, টেরিবাজারে জগদ্ধাত্রী মন্দিরের পাশ থেকে মিজানুল হক রাসেল (৩৫), মাঈনউদ্দীন হোসেন (৩৫) এবং মোঃ মাসুদ আব্দুর রহমান (৩৭) কে ইয়াবা সেবনের সময় আটক করে অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০টাকা করে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশনায় জেলায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।