নগরীর গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে সিএমপি ট্রাফিক বিভাগ। প্রাথমিক পর্যায়ে সবচেয়ে ব্যস্ততম ছয় ও দশ নং রুটের গাড়ি গুলোকে এর আওতায় নিয়ে আসা হয়েছে।
এ ব্যাপারে বন্দর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অলোক বিশ্বাস জানান- কালুরঘাট, লালদীঘি ও সি-বিচ হতে গাড়িগুলো ছাড়ার পূর্বে বিশেষ মনিটরিং টিমের মাধ্যমে গাড়ির সকল কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করে এগুলোকে ছাড়া হচ্ছে। শুরুতেই সকল কাগজপত্র পরীক্ষা করার কারণে রাস্তার অন্য কোথাও কাগজপত্র পরীক্ষা করার প্রয়োজন হচ্ছে না। তবে গাড়িগুলো তাদের রুট সম্পন্ন করছে কিনা এবং যত্রতত্র গাড়ি ঘুরিয়ে ফেলছে কিনা এই বিষয়টি নজরদারির জন্য টাইগারপাস সহ অন্যান্য জায়গায় বিশেষ মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। ফলে গাড়িগুলো যত্রতত্র যাত্রী ওঠানামা করতে পারবেনা। গাড়িগুলো তাদের রুট সম্পন্ন করছে কিনা তা পরীক্ষার জন্য শুরুতে গাড়ির সংখ্যা এবং গন্তব্যস্থলের শেষে গাড়ির সংখ্যা মিলিয়ে দেখা হচ্ছে। এছাড়া গাড়িগুলোতে যাত্রী সাধারণকে টিকিট প্রদানের মাধ্যমে ভাড়া আদায় এবং গেট লক অবস্থায় চালনার কারণে অধিকাংশ যাত্রী কম সময়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছে। এ উদ্যোগের ফলে যাত্রী সাধারণ এক টিকিটেই তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছে। পর্যায়ক্রমে অন্যান্য সকল রুটের বাস গুলোকেও এই উদ্যোগের আওতায় নিয়ে আসা হবে।

