সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ডেলটা হেলথ কেয়ার হসপিটালে করোনা রোগীর জন্য ২ দিনে ২ লাখ টাকার অধিক গলাকাটা বিল নেওয়ার অভিযোগ ভুক্তভোগি রোগীর স্বজনদের।
বৃহস্পতিবার ( ২৯ জুলাই) নগরীর পাঁচলাইশ থানাধীন কাতালগঞ্জ এলাকার ডেল্টা হেলথ কেয়ার, চিটাগাং লিমিটেড এ ঘটনা ঘটে।
জানা যায়, আনোয়ারা উপজেলার মৃত শের মুস্তা খানের পুত্র আবুল বসর খান (৭৫)কে উক্ত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৭ জুলাই সকাল ৯টা ২০ মিনিটে ভর্তি করা হয়। এরপর রোগী ভর্তি ফি ১৫০০ টাকা, কেবিন চার্জ একদিনে ৭ হাজার করে ২দিনে ১৪ হাজার টাকা, হাইফ্লো মেশিন বাবদ ২৩ হাজার ৪শ টাকা, হাইফ্লো অক্সিজেন বাবদ ২৯হাজার ২৫০ টাকা, আইপিডি কনসুলেশন ৭ হাজার ৫শ টাকা, মেডিকেল ইউটিলাইজ ৩৭ হাজার ৬৮৫ টাকা, মেডিসিন ৪৯ হাজার ৩৯ টাকা, প্যাথলোজি ৯ হাজার ১শ টাকা, রেডিওলোজি ৬শ টাকা মোট ১ লাখ ৭২ হাজার ৭৪ টাকা। তার সাথে সার্ভিস চার্জ ৩৮ হাজার ৭১৭টাকা যোগ করলে সর্ব মোট ২ লাখ ১০ হাজার ৭৯১ টাকায় দাড়ায়। যা হাসপাতালের বিলে উল্লেখ আছে।
রোগীর স্বজনরা সিপ্লাসকে বলেন, আমরা কোন কল্পনায় করিনি ২ দিনে ২ লাখ ১০ হাজার টাকা বিল আসবে।তারা গলাকাটা বিল করে মানুষকে বিপদে ফেলে দেয়। যেখানে আমাদের অবস্থা এমন সেখানে সাধারণ মানুষের কোন প্রশ্নই আসে না। সারাবিশ্বে এখনও পর্যন্ত করোনা রোগের ওষুধ বের করতে পারেনি, সেখানে তারা কিভাবে করোনা রোগীর জন্য এত টাকার ওষুধ ব্যবহার করে তার উত্তর কে দেবে। আমরা কত ধার দেনা করে টাকাগুলো এনেছি তা বলে বোঝাতে পারব না। এ সব হাসপাতালের বিরুদ্ধের প্রশাসন ও সরকারের সুনজর দেয়ার জন্য অনুরোধ করছি।








