নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইতালি ও জার্মানপ্রবাসী দুই বাংলাদেশি নাগরিকও বর্তমানে ভালো আছেন। তারা দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ২৯ ও অপরজনের ৪০ বছরের কিছু বেশি। সম্প্রতি বিদেশফেরত এ দুজনের জ্বর ও সর্দি ছিল। নমুনা পরীক্ষায় তাদের করোনাভাইরাস ধরা পড়ে। করোনাভাইরাসে আক্রান্ত ৪০ বছর বয়সী ওই ব্যক্তি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।
রোববার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর’র সম্মেলন কক্ষে করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সাবরিনা ফ্লোরা এ তথ্য জানান।
এ পর্যন্ত আইইডিসিআরে ২৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট পাঁচজনের নমুনা পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এই পাঁচজনের মধ্যে তিনজন করোনামুক্ত।








