১ অক্টোবর কমিউনিস্ট শাসনের ৭০ বছর পূর্তি উদযাপনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চীন। এ উপলক্ষ্যে ইতিহাসের অন্যতম বড় সামরিক কুচকাওয়াজ ও নিজেদের তৈরি বিপুল সমরাস্ত্রের প্রদর্শনী করতে যাচ্ছে দেশটি।
ডংফেং বা ডিএফ–৪১ নামে ধ্বংসাত্মক মারণাস্ত্রটির তৈরি করা হয়েছে বিমানবাহী রণতরী ও শত্রুপক্ষের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দেয়ার জন্য। মাত্র ৩০ মিনিটে যা লক্ষ্যে নির্ভুল আঘাত হেনে যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিরও প্রতিরক্ষা লাইন ধসিয়ে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যখন রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক টানাপড়েন চরমে তখন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করতে যাচ্ছে বেইজিং। চীনা গনমাধ্যমের খবর অনুযায়ী, আগামীকাল আনুষ্ঠানিকভাবে ডংফেং-৪১ নামের এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হবে।
এবারের প্যারেডের সবচেয়ে বড় চমক হবে এ সিরিজের সর্বশেষ সংস্করণ আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ডিএফ-৪১। ক্ষেপণাস্ত্রটি একসঙ্গে কয়েকটি পরমাণু বোমা বহনে সক্ষম এবং বিশ্বের যেকোনো স্থানে আঘাত হানতে পারে। সামরিক শক্তিকে ওয়াশিংটন ও বিশ্বের অন্যান্য শক্তির সমকক্ষ হওয়ার লক্ষ্যে এসব অস্ত্রকে বেইজিংয়ের বড় অর্জন হিসেবে দেখছে অস্ত্র বিশ্লেষকরা।

