Site icon CPLUSBD.COM

নতুন রূপ পেল ফটিকছড়ি উপজেলা পরিষদ, দেড় কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

ফটিকছড়ি প্রতিনিধি: পাল্টে গেছে ফটিকছড়ি উপজেলা পরিষদের দৃশ্যপট। সবখানে যেন মননশীল চিত্র ফুটে উঠেছে। পরিষদ চত্বরে স্থাপন করা হয়েছে বিশালাকার বঙ্গবন্ধু মুর‌্যাল। ঘোড়া, হাতি, জিরাফ, দোলনা, নাগরদোলায় একমাত্র শিশু পার্ক পেয়েছে নতুন প্রাণ। দীঘদিনের জরাজীর্ণ গণ মিলনায়তন সেজেছে নতুন রূপে।

অফিসার্স ক্লাব নির্মাণসহ একের পর এক উন্নয়ন কর্মযজ্ঞে প্রাণস্পন্দন এসেছে উপজেলা পরিষদের সর্বত্র।

এসব উন্নয়নের পেছনে এমপি-উপজেলা চেয়ারম্যানের পাশাপাশি যিনি শৈল্পিক চিন্তায় কাজ করে যাচ্ছেন তিনি উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফীন।

উপজেলা পরিষদে বিগত দু’বছরে দেড় কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার(২৯ মে) সকালে এসব উন্নয়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

এর আগে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান ও আর্ত-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান, ধান/চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালে দায়িত্ব পালনকারী স্বেচ্ছসেবকদের সন্মাননা প্রদান এবং উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্বোধন উপলক্ষে শহীদ বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মাওলা (বীর প্রতীক) গণ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন সাংসদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) জিসান বিন মাজেদ, পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, ভূজপুর থানার ওসি শেখ আব্দুল্লাহ, ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে জহুরুল হক মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি।