নিউজটি শেয়ার করুন

নলকুপ বন্টনে স্বজন প্রীতি, এলাকাবাসীর বিক্ষোভ

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নে আ’লীগ নেতার বিরুদ্ধে নলকুপ বন্টনে স্বজন প্রীতির অভিযোগ পাওয়া গেছে। নলকূপ বন্টনে স্বজন প্রীতিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

গতকাল (রবিবার) সকাল ১১টায় ছনহরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে বিশুদ্ধ পানির কষ্টে জর্জরিত ভুক্তভোগী লোকজন বিক্ষোভ করেছে।

এছাড়াও আ’লীগ নেতা ইউনুছের বিরুদ্ধে পটিয়া উপজেলা চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে এলাকার লোকজন।

জানা যায়, ছনহরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিশুদ্ধ পানির কষ্ট লাঘবে জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম,পি কর্তৃক চলতি অর্থ বছরে ২৭টি নলকূপ বরাদ্দ দেয়া হয়। এ ইউনিয়নের উন্নয়ন সমন্বয়কারী পটিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.ক.ম. সামশুজ্জামান চৌধুরী ছনহরা ইউনিয়নে নলকূপ বন্টনের জন্য ছনহরা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মোহাম্মদ ইউনুছকে দায়িত্ব দেন। আ’লীগনেতা ইউনুছ স্বজন প্রীতির মাধ্যমে তার পছন্দমত লোকদের মধ্যে ৮টি ওয়ার্ডে ২/১টি করে নলকূপ বন্টন করেন। কিন্তু এর মধ্যে ইউনুছের ৩নং ওয়ার্ডে নলকুপ দিয়েছে ৭টি। এ নলকূপ গুলোর মধ্যে ইউনুছের বাড়ীতে রয়েছে ৪টি। ২শ থেকে ৩শ ফুট দূরত্বের মধ্যে ৪টি নলকূপ দেয়া হয়। এর মধ্যে আ’লীগনেতা ইউনুছের চাচা মোজাফরকে ১টি, চাচাতো ভাই মোস্তাককে ১টি, তার প্রতিবেশী ওমর আরমানকে ব্যক্তিগতভাবে ১টি নলকূপ দিয়েছেন। এ স্থানে পূর্বের ২টি নলকূপ থাকা স্বত্বেও আরও ৪টি নলকূপ দেয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।

অন্যদিকে এ ওয়ার্ডের সাহেব মিয়ার বাড়ী এলাকায় ৫০ পরিবারের লোকজনের মধ্যে নলকূপ না থাকলেও এবাড়ীতে নলকূপ দেয়া হয়নি।

এ ব্যাপারে ছনহরা ইউনিয়ন আ’লীগের আহবায়ক মোহাম্মদ ইউনুছ জানান, নলকূপ বন্টনে কোন প্রকার স্বজন প্রীতি হয়নি। এলাকার কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী সাথে যোগাযোগ করলে তিনি বলেন; এটা হুইপ সাহেবের বরাদ্দ, তাই আমি কিছু জানিনা।