নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমির বিরোধের জের ধরে এক মাদরাসা শিক্ষক (কোরআন হাফেজ) ও তার স্ত্রীর উপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ মে) বিকালে নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার উত্তর বিছামারা এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উত্তর বিছামারা এলাকার দারুল এরফান ওয়ামাহাদুল কোরআন হেফজখানার শিক্ষক হাফেজ মাহফুজুর রহমান (৩৪) ও তাঁর স্ত্রী আরেফা খাতুন (৩০)।
মাহফুজ সাংবাদিকদের জানান, প্রায় সময় তার জায়গার গাছগাছালি ও ফল নষ্ট করে থাকেন সৎ বোনদের স্বামী রশিদ আহমদ ও কবির আহমদ। একইভাবে মঙ্গলবার বিকালে জায়গার গাছগাছালি নষ্ট করার প্রতিবাদ করলে রশিদ ও কবির দেশীয় অস্ত্র নিয়ে হাফেজ মাহফুজ ও তার স্ত্রীর উপর হামলা চালায়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তপন বড়ুয়া জানান, আহতদের মধ্যে আরেফা খাতুনের মাথায় সেলাই করা হয়েছে এবং মাহফুজের নাক ও মুখে রক্তাক্ত জখম হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি মেম্বার ফকির আহমদ বলেন, পারিবারিক বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে মাহফুজ ও তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে আহতের স্বজন ছৈয়দ আলম জানান, ঘটনার পরপর রক্তাক্ত অবস্থায় আহতদের নাইক্ষ্যংছড়ি থানায় নেয়া হলে কর্তব্যরত কর্মকর্তা তাদের প্রথমে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। চিকিৎসার পর লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয় পুলিশ।








