সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ অস্কার ব্রুজোন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন । তাঁর দলে সর্বোচ্চ ১০ জন খেলোয়াড় বসুন্ধরা কিংসের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ আছে আবাহনী লিমিটেডের। সাফের চূড়ান্ত দলটি হবে ২৩ সদস্যের।
আগেই জানা গিয়েছিল জাতীয় দলের প্রাথমিক তালিকায় আছে এলিটা কিংসলির নাম। এই প্রথমবারের মতো অন্য দেশের ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে ডাকল বাংলাদেশ। তিনি খেলবেন কিনা, সেটি অবশ্য নিশ্চিত হবে এএফসির ছাড়পত্রের ওপর। আপাতত অনুশীলন ক্যাম্পে রাখা হয়েছে তাঁকে।
অনেক দিন বাদে জাতীয় দলে ফিরেছেন আবাহনী লিমিটেডের উইঙ্গার জুয়েল রানা। শুধু সাফ চ্যাম্পিয়নশিপের জন্যই আপাতত দায়িত্ব নিয়েছেন অস্কার ব্রুজোন। বসুন্ধরা কিংসের কোচিং স্টাফ নিয়েই সাজানো হয়েছে ব্রুজোনের জাতীয় ফুটবল দল।
১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪, ৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও নেপাল। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।

