ভারতে সদ্য পাস হওয়া বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যখন দেশজুড়ে বিক্ষোভ চলছে। ঠিক সেই সময় এই আইনের বিষয়ে জনগণকে বোঝাতে সোমবারই কলকাতার রাজপথে বিশাল মিছিল করে বিজেপি।
কিন্তু সেই রেশ কাটার আগেই বিজেপির নেতা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মীয় চন্দ্র কুমার বসু এবার এই আইন নিয়ে প্রশ্ন তুললেন।
তার ভাষায়, ভারত হ’ল এমন একটি দেশ যেখানে সমস্ত ধর্ম এবং সম্প্রদায়ের জন্য উন্মুক্ত। এমন লিখেই টুইট করলেন নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু। তিনি বলেন, যদি নাগরিক আইন সংশোধনী-২০১৯ কোনও ধর্মের সঙ্গে সম্পর্কিত না হয় তবে আমরা কেন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈনদের কথা উল্লেখ করছি ! মুসলিমদেরও অন্তর্ভুক্ত করা যায় না? আসুন বিষয়টিতে স্বচ্ছ থাকি।
তিনি অন্য একটি টুইটে বলেন, ভারতের সমীকরণ করবেন না এবং এই দেশকে অন্য কোনও দেশের সঙ্গে তুলনা করবেন না – কারণ এটা এমন একটি দেশ যেখানে সকল ধর্ম এবং সম্প্রদায়ের জন্য উন্মুক্ত পরিবেশ আছে।
যদিও আইনটি ভারতীয় মুসলিমদের কোনও ক্ষতি করবে না, এই কথা বলে সোশ্যাল মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করছে বিজেপি, তবু সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন চলছে। এই আইনের বিরোধিতায় পথে নেমে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন প্রাপ্ত সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪ সালের মধ্যে যে সব অমুসলিম মানুষরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তাঁরা এবার ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেখানে মুসলমানদের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে।








