Site icon CPLUSBD.COM

নানিয়ারচরে মিললো বিরল প্রজাতির কাঠ বিড়াল

নানিয়ারচর থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির কাঠ বিড়াল। ছবি: সংগৃহীত

সিপ্লাস প্রতিবেদক: রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে চারটি বিরল প্রজাতির উড়ন্ত কাঠ বিড়াল।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকা থেকে এদের উদ্ধার করা হয়। পরে এগুলোকে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর ও গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়।

জানা যায়, উপজেলার বুড়িঘাট এলাকা ৭নং টিলার পাশে বনের ঝোঁপের একটি কাঁঠাল গাছ থেকে কাঠ বিড়ালগুলোকে উদ্ধার করেন মো. সরোয়ার (১৬) নামে এক কিশোর। বিরল প্রজাতির এ উড়ন্ত কাঠ বিড়ালগুলো দেখতে ধুসরাভ বাদামি। চ্যাপ্টা লেজ। কালচে বাদামি পা। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এদের পিঠ কালো ও দেহতল সাদা। সাধারণত বহুরঙা এ উড়ন্ত কাঠ বিড়াল বাংলাদেশ ছাড়াও ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, লাওস, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড ও ভিয়েতনামে পাওয়া যায়।

উদ্ধারের পর উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে স্থানীয় বন বিভাগ কর্মকর্তার কাছে চারটি উড়ন্ত কাঠ বিড়ালগুলোকে হস্তান্তর করা হয় এবং পরে বুড়িঘাট ৭নং টিলা এলাকার গভীর জঙ্গলে তাদের অবমুক্ত করা হয়।
এ সময় বন বিভাগ কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, পাহাড়ে এই প্রাণী এখন প্রায় বিলুপ্তির পথে। এখন আর বনে জঙ্গলে দেখা পাওয়া যায় না বললেই চলে। এটি বিরল প্রজাতির উড়ন্ত কাঠ বিড়াল।
তিনি আরও বলেন, পাহাড়ে গাছপালা কেটে বন উজাড় করার ফলে বন্য প্রাণিদের আবাসস্থলের ক্ষতি ও খাদ্যের সংকট দেখা দিয়েছে। তাই খাদ্যের খোঁজে বিভিন্ন সময় বন্য প্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ায় মানুষের হাতে ধরা পড়ে। লোকালয়ে ঢুকে পড়া প্রাণিরা যাতে মানুষের মাধ্যমে আক্রান্ত না হয় সেদিকে উপজেলা বন বিভাগ কড়া নজর রাখছে।