সিপ্লাস ডেস্ক: করোনাভাইরাসে মৃতদের দাফন করে ‘করোনা হিরো’ খেতাব পাওয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক নারী।
আইসিটি আইনে মামলা দায়ের করার পর এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন নারী গার্মেন্ট ব্যবসায়ী, বিজিএমইএর সদস্য সাইদা আক্তার (সায়েদা সিউলি)। এ ছাড়া প্রতারনার মাধ্যমে খোরশেদ ৫০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগও এনেছেন বাদি। বুধবার (২৫ আগস্ট) নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুন্যাল আদালতে এ মামলা দায়ের করেন তিনি। মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআইকে) দায়িত্ব দেয়া হয়েছে।
মামলার আবেদনে উল্লেখ করা হয়, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন। প্রথমে রাজি না হলেও তার (খোরশেদ) মনভোলানো কথার একপর্যায়ে ওই নারী প্রেমের সম্পর্ক করতে সম্মত হন।
ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। একই সঙ্গে প্রতারণা করে নারীর কাছ থেকে ৫০ লাখ টাকা নেয়ার অভিযোগ করা হয় মামলার আবেদনে।
মামলায় আরও উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারী একপর্যায়ে মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে বিয়ে করার কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকার করেন এবং ওই নারীর সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে জানান।
ওই নারীর আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করা হয়েছে। মামলায় নাম উল্লেখ করে একমাত্র আসামি করা হয়েছে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদকে।








