সিপ্লাস প্রতিবেদক: নগরীর মুরাদপুরে নালায় পড়ে ৩৯ দিন আগে নিখোঁজ হওয়া সালেহ আহমদের ছেলের চাকরি হলো চসিকে। ছেলে সাদেকুল্লাহ মহিমকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) যান্ত্রিক প্রকৌশল বিভাগে চাকরি দিয়েছেন মেয়র এম রেজাউল করিম চৌধুরী ।
মঙ্গলবার (১২ অক্টোবর) টাইগারপাস নগর ভবনের অস্থায়ী কার্যালয়ে তার হাতে নিয়োগপত্র তুলে দেন মেয়র রেজাউল করিম চৌধুরী। আগামী ১ নভেম্বর থেকে কর্মস্থলে যোগ দেবেন মহিম।
গত ২৫ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে মুরাদপুর আয়োজন রেস্তোরাঁর সামনে নালায় পড়ে যান সালেহ আহমদ। গতকাল পর্যন্ত তার খোঁজ মেলেনি।
২৬ আগস্ট রাতে আছদগঞ্জের কলাবাগানে সালেহ আহমেদের শ্বশুরবাড়িতে যান মেয়র। সেখানে সালেহ আহমেদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি উপযুক্ত সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এরপর ৬ সেপ্টেম্বর চসিকে চাকরির আবেদন করেন মহিম। এর প্রেক্ষিতেই মহিমকে চাকরি দেওয়া হলো।
সালেহ আহমেদের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। চকবাজারে তার সবজির দোকান ছিল। মহিম ছাড়াও জান্নাতুল মাওয়া মিতু নামে একটি মেয়েও রয়েছে তার। সে পটিয়া মনসা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন সালেহ আহমেদ। তাকে হারিয়ে তার পরিবার দিশেহারা হয়ে পড়ে। এ অবস্থায় চাকরি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মহিম। চাকুরি পেয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মহিম গণমাধ্যমকে বলেন, বাবাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল আমাদের পরিবার। কোনোভাবে দিনাতিপাত করছিলাম আমরা। এখন মেয়র মহোদয় চাকরি দিয়েছেন, সেজন্য উনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিবারের হাল ধরতে পারব বলে ভালো লাগছে। চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন বলে জানান সালেহ আহমদের ছেলে মহিম।

