সিপ্লাস প্রতিবেদক: নগরীর কাজীর দেউড়ি এলাকার মহানগর বিএনপি’র কার্যালয় চত্ত্বরে বিএনপির বিক্ষোভ সমাবেশে নিজেদের কর্মীদের মধ্যে ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০জন আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরের কাজির দেউড়িস্থ বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে সংঘর্ষে লিপ্ত বিএনপি কর্মীদের সরিয়ে দেয়। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশের শুরু থেকেই বিএনপি’র কর্মীদের মধ্যে অন্তকোন্দল দেখা দেয়। সমাবেশ চলাকালে স্লোগান দেয়া এবং চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে দুইজনকে ছুরিকাঘাত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে সিএনজি করে তাদের মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
শনিবার বিকেলে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আল জাজিরা ক্ষুদ্র একটি অংশ প্রকাশ করেছে। এতেই ভয়ে কম্পন শুরু হয়েছে সরকারের। আরও আসছে, তাতে সরকারের দেশে ও দেশের বাইরে পাতিলের খবরও বের হয়ে যাবে।
তিনি বলেন, আল জাজিরার পরবর্তী প্রতিবেদনে বহু লোকের নাম জড়িত আছে। প্রকাশিত হওয়া প্রতিবেদনের বিষয়ে একটিও সদুত্তর পেলাম না। সুবর্ণ জয়ন্তীর বছরে অর্থাৎ চলতি বছরেই এই সরকারকে বিদায় নিতে হবে। আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। তাদের মধ্যে কম্পন শুরু হয়েছে। এসব সরকার বিদায়ের লক্ষণ। আমীর খসরু বলেন, জিয়াউর রহমান বীর উত্তম খেতাব পেয়ে গৌরবান্বিত হননি, বরং বীর উত্তম পদটি গৌরবান্বিত হয়েছে। বিএনপিতে অনেক খেতাবপ্রাপ্ত লোক আছেন কিন্তু আওয়ামী লীগে খেতাবপ্রাপ্ত লোক খুঁজে বের করতে হবে। তিনি বলেন, রোজার পর, ঈদের পর এরকম দিনক্ষণ দেখে আন্দোলন হয় না। যে কর্মসূচির মাধ্যমে এই সরকার পতন হবে, সেই কর্মসূচি আসবে। এখন প্রতিদিনই আন্দোলন। আমরা-তো নেমেই গেছি মাঠে, আর ফিরে যাবো না। এটাই-তো কর্মসূচি। এই সরকার সংবিধানের বারোটা বাজিয়ে ফেলেছে। এসবেরও বিচার হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, ইভিএম একটি ডিজিটাল মেশিন। যেখানে আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন সেটা চলে গেছে নৌকায়। আওয়ামী লীগও এমন একটা যন্ত্র যেখানে গেলে রাজাকার মুক্তিযোদ্ধা হয়, মুক্তিযোদ্ধা রাজাকার হয়।
নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এনামুল হক প্রমুখ।








