সিপ্লাস ডেস্ক: ক্রিকেটার নাসির হোসেন ও এয়ারলাইন্স কোম্পানি সৌদিয়ার কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালত এ সমন জারি করেন। আগামী ৩১ অক্টোবর আদালতে হাজিরের নির্দেশ।

এর আগে সকালে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিয়ে বৈধ উপায়ে হয়নি বলে আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিবেদনে (পিবিআই) জানানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান এ প্রতিবেদন দাখিল করেছেন।
প্রতিবেদনে বলা হয়, তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিব হাসানকে ডিভোর্স না দিয়েই তামিমা সুলতানা তাম্মি ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন।
মামলায় ৩ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পিবিআই। ক্রিকেটার নাসির হোসেন, বিমানবালা তামিমা সুলতানা তাম্মী ও তার মা সুমি আক্তারকে দোষী করা হয়েছে।








