নিউজটি শেয়ার করুন

নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব হা’র

নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব হা’র

সিপ্লাস ডেস্ক: নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের। সেই সঙ্গে তার তিন সঙ্গীকেও পাওয়া গেছে। আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের আইনজীবী ব্যারিস্টার এম. সরোয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার তাকে রংপুরে তার শ্বশুরের বাসায় পাওয়া যায় বলে জানায় পুলিশ।

রংপুর মহানগর পুলিশের (আরএমপি) ক্রাইম ডিভিশনের উপ-কমিশনার আবু মারুফ হোসেন বলেছেন, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে উদ্ধার করা হয়েছে নাকি তিনি ফিরে এসেছেন, তা এখন বলা যাচ্ছে না। তাকে এখন থানায় নিয়ে আসা হচ্ছে। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

রংপুরের কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের সঙ্গে নিখোঁজ অন্য তিনজনও বাড়ি ফিরেছেন। তাদেরও থানায় আনা হচ্ছে। কিছুক্ষণ পর প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান গত ১০ জুন দিবাগত রাত থেকে নিখোঁজ ছিলেন।

৩১ বছর বয়সী এই বক্তা নিখোঁজের পর থেকে সারাদেশে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পুলিশ জানিয়েছিল, আদনানের গাড়িচালক আমির উদ্দীন এবং তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ নামে দুজনও নিখোঁজ হন ওইদিন। ওই রাতের পর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ ছিল।

ছেলে নিখোঁজ হওয়ার পরের দিন তার মা আজেদা বেগম রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় জিডি করেন।

রংপুরে ওয়াজ মাহফিল শেষে ঢাকার বাসায় ফেরার পথে তিনি নিখোঁজ হন বলে অভিযোগ ছিল। আবু ত্ব-হার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল, গাবতলী থেকে তারা নিখোঁজ হন।