Site icon CPLUSBD.COM

নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ার উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে পাওয়া গেছে।

আজ রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর সীতাকুন্ডের কুমিরা ঘাট সংলগ্ন এলাকায় অবচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলাউদ্দিন সিপ্লাসকে জানায়, কুমিরা ঘাটের পাশে তার (গোলাম সরওয়ার) গোঙানোর শব্দ শুনে  স্থানীয়রা তাকে নিয়ে আসে।

সিপ্লাসটিভি সীতাকুণ্ড প্রতিনিধি  কামরুল ইসলাম দুলু কথা বলেছেন কিছুটা অবচেতন থাকা সাংবাদিক গোলাম সরওয়ারের সাথে । তিনি সিপ্লাসের প্রতিনিধিকে জানিয়েছেন তাকে টর্চার করা হয়েছে, কিছু লোক তাকে এম্বুলেন্সে করে এনে এখানে পেলে যায়।

তার পরনে কেবল গেঞ্জি আর অন্তর্বাস পরা ছিল।

পরে কোতোয়ালী থানা পুলিশের টিম গিয়ে গোলাম সরওয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

গত ২৯ অক্টোবর সকালে চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ার আর সন্ধান মিলছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে সাংবাদিক গোলাম সরওয়ারের পরিবার ও বিভিন্ন মহল। এ ঘটনায় সিএমপির কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।