অতিরিক্ত দামে চাল ও পেঁয়াজ বিক্রির অভিযোগে হবিগঞ্জে দুই ব্যবসায়ীর লাইসেন্স বাতিল ও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বিভিন্ন অভিযোগে জেলার আরও ৩৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে শহরের চৌধুরীবাজারে অভিযান চালান জেলা প্রশাসক কামরুল ইসলাম। চাল ও পেঁয়াজ বেশিদামে বিক্রি করায় ব্যবসায়ী মনফর আলী ও বিপ্লব রায়ের ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়। পরে তাদের ৬ মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোহাম্মদ রেজা।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক। এ সময় পুলিশ সুপার ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







