সিপ্লাস ডেস্ক: রোজাকে সামনে রেখে সারাদেশে ৩৫০টির বেশি ট্রাকে করে সুলভ মূল্যে পণ্য বিপণন শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি।
বুধবার থেকে ঢাকায় ৫০টির বেশি ট্রাকে করে, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি করে এবং জেলা সদরে চারটি ট্রাকে করে এই বিপণন শুরু হয়েছে বলে জানিয়েছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।
তিনি জানান, ঢাকায় ৫০টি ট্রাক নামার কথা থাকলেও প্রথম দিন নেমেছে ৫৭টি, পর্যায়ক্রমে ৭৫টিতে উন্নীত করা হবে। শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন নির্ধারিত স্থানে টিসিবির পণ্যবাহী ট্রাকগুলো নিয়ে যাবেন ডিলাররা।
নভেল করোনাভাইরাস সঙ্কটের এ্ই সময়ে টিসিবির ট্রাকে পণ্যের জোগান বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, প্রতিটি ট্রাকে একজন ডিলার এক হাজার কেজি থেকে দেড় হাজার কেজি চিনি তুলবেন। প্রতিকেজির খুচরা মূল্য ৫০ টাকা, একজন ভোক্তা সর্বোচ্চ ৪ কেজি কিনতে পারবেন।
একজন ডিলারের মশুর ডাল ২০০ থেকে ৩০০ কেজি মশুর ডাল বরাদ্দ থাকবে। প্রতিকেজি ৫০ টাকা দরে একজন ভোক্তা সর্বোচ্চ ২ কেজি কিনতে পারবেন।
প্রতিটি ট্রাকের জন্য দেড় হাজার লিটার থেকে ২০০০ লিটার পর্যন্ত সয়াবিন তেল বরাদ্দ থাকবে। প্রতি লিটারের দাম ধরা হয়েছে ৮০ টাকা, একজন ভোক্তা সর্বোচ্চ ৫ লিটার তেল নিতে পারবেন।








