Site icon CPLUSBD.COM

নিরাপত্তা কর্মীর সাহসিকতায় ফিরিঙ্গিবাজারে এটিএম বুথ রক্ষা, গ্রেফতার ৩

নিরাপত্তা কর্মীর সাহসিকতায় ফিরিঙ্গিবাজারে এটিএম বুথ রক্ষা

সিপ্লাস প্রতিবেদক: নিরাপত্তা কর্মীর সাহসিকতায় বানচাল হয়ে গেছে নগরীর ফিরিঙ্গিবাজার মোড়ে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের টাকা লুটের চেষ্টা।

মঙ্গলবার গভীর রাতে ওই নিরাপত্তা রক্ষীর ফোন পেয়ে পুলিশ ধাওয়া করে এটিএম বুথের টাকা লুটের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা ফিরিঙ্গিবাজার মোড়ে বেসরকারি ইউসিবি ব্যাংকের এটিএম বুথে জোরপূর্বক ঢোকার এ চেষ্টা করেছিল ।

গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন বাবু (৩২), মো. জহির আলম (৩৪) ও মো. আদনান (৩৭)।

এদের মধ্যে আনোয়ারের বিরুদ্ধে ঢাকায় অস্ত্র আইনে একটি এবং জহিরের বিরুদ্ধে চট্টগ্রামে মাদক ও মারামারির ঘটনায় একাধিক মামলা আছে বলে জানিয়েছেন ওসি।

ওসি জানান, রাত পৌনে দুইটার দিকে গ্রেফতারকৃতরা মোটরসাইকেল নিয়ে বুথের সামনে যায়। এসময় তারা টাকা তোলার কথা বলে বুথের নিরপত্তাকর্মীকে দরজা খুলতে বলে।কিন্তু প্রহরী দরজা না খোলায় তারা বুথের দরজায় ধাক্কাধাক্কি করে দরজা খোলার জন্য ভয়ভীতি দেখাতে থাকে। তাদের হুমকির কারণে প্রহরী সরাসরি আমার সরকারি নম্বরে ফোন করে ঘটনা জানায়। এসময় থানার একটি টহল দল সেখানে পৌঁছানোর সাথে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এরপর বেতার বার্তার মাধ্যমে পাশ্ববর্তী সদরঘাট ও বাকলিয়া থানা পুলিশকে সড়ক অবরোধ করতে বলা হয় উল্লেখ করে তিনি বলেন, এসময় গ্রেপ্তার ব্যক্তিরা মেরিনড্রাইভ সড়ক দিয়ে শাহ আমানত সেতুর দিকে যেতে না পেরে চাক্তাই চামড়া গুদাম দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ এসময় ধাওয়া করে তাদের এই আটক করে। আটকের পরপর মোবাইলে তাৎক্ষনিকভাবে তিনজনের ‘সিডিএমএস’ যাচাই করা হয়। এসময় আনোয়ার ও জহিরের বিরুদ্ধে আগের মামলার তথ্য পাওয়া যায়।

ওসি নেজাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, রাতের বেলায় মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এটিএম বুথের আশেপাশে ঘুরে বেড়ায়। সুযোগ বুঝে টাকা ছিনতাই করার চেষ্টায় থাকে।

এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে।

আরো পড়তে পারেন: