Site icon CPLUSBD.COM

নির্বাচনে অনিয়ম করে নাম পাঠালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হুঁশিয়ারি

নির্বাচন কমিশন গঠন করা হবে গ্রহণযোগ্য পন্থায়: ওবায়দুল কাদের

ফাইল ছবি

সিপ্লাস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো বিদ্রোহী প্রার্থীকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হবে না এবং এবারও যারা বিদ্রোহী প্রার্থী হবেন তাদের ভবিষ্যতে কোনো পদ-পদবী ও মনোনয়ন দেওয়া হবে না।

শুক্রবার সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

অনিয়ম করে যারা প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠিয়েছে বা পাঠাবে তাদের বিরুদ্ধে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনিয়মের প্রমাণ পাওয়া মাত্রই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বাংলাদেশকে নাকি নতজানু রাষ্ট্র বানানোর পরিকল্পনা চলছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষ জানে কারা বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তিনি বলেন, কথায় কথায় যারা দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশ করে, যারা বিদেশি দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষা করে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করার অনুরোধ করে, তারাই বাংলাদেশকে নতজানু রাষ্ট্র হিসেবে দেখতে চায়।

বিএনপিই তাদের কর্মকাণ্ডের দ্বারা বিদেশিদের কাছে দেশের ইমেজ নষ্ট করছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ দেশের ইমেজ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

বিএনপিই ক্ষমতায় যাওয়ার জন্য দেশ ও জাতির স্বার্থ বিসর্জন দেয় এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের স্মরণ করে দিয়ে বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে শেখ হাসিনা সবসময় আপোষহীন, যদি তিনি জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে গ্যাস বিক্রির প্রস্তাব সমর্থন করতেন তাহলে ২০০১ সালেই ক্ষমতায় আসতে পারতেন।

জনগণ এখন বিএনপি’র গণ-আন্দোলনের ডাক শুনলে হাসে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। গত ১৩ বছর বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিলেও জনগণ তো দূরের কথা, তাদের নেতাকর্মীরাই সাড়া দেয়নি বলেও জানান তিনি।

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের মুখোশের আড়ালে যা করেছিলো জাতি তা ভুলে যায়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিলো বহুদলীয় তামাশা।