Site icon CPLUSBD.COM

নির্মাণাধীন ভবনের জমাট পানিতে এডিসের লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা

নির্মাণাধীন ভবনের জমাট পানিতে এডিসের লার্ভা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর লাভলেইন ও দামপাড়ায় দুইটি নির্মাণাধীন ভবনের জমাট পানিতে এডিসের লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) এর ভ্রাম্যমাণ আদালত।

বুধবার(৪ আগস্ট) সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর লাভলেইন, নুর আহমদ রোড, জাকির হোসেন রোড, নাসিরাবাদ গার্লস স্কুল রোড, পলিটেকনিক রোড, ষোলশহর, নাসিরাবাদ হাউজিং সোসাইটি ও সুগন্ধা আবাসিক এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

এসময় করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে ৮ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১হাজার ৩শত টাকা এবং একই অপরাধে নগরের লালখান বাজার, ওয়াসা মোড়, দামপাড়া, জিইসি, চট্টেশ্বরী রোড, প্রবর্ত্তক মোড়, গোলপাহাড়, বেটারী গলি ও সার্সন রোড এলাকায় স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস পরিচালিত অভিযানে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।

এ সময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা ভাইরাস প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করা হয়।

একই সাথে ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে অভিযানে লাভলেইন ও দামপাড়া সিডিএ এভিনিউ এলাকায় দুইটি নির্মাণাধীন ভবনের নীচে জমানো পানি পাওয়ায় দুইটি ভবন মালিককের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে এই অভিযান চলমান থাকবে।

অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা।