সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামে নির্যাস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের দুই মালিকের বিরুদ্ধে ১৪ লাখ আত্মসাত ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের হয়েছে।
মামলায় আসামীরা হচ্ছে প্রতিষ্ঠানটির ব্যবসায়ীক অংশিদার আশরাফ আলী ও মো. এনামুল হক চৌধুরী জালাল।
রোববার দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে মামলাটি দায়ের করেন মুহাম্মদ শাকের খোকন নামে এক ভুক্তভোগী। আদালত মামলাটি গ্রহণ করে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছের বাদি পক্ষের আইনজীবী আহমদ কবির।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ২৪ এপ্রিল অংশীদারী চুক্তির মাধ্যমে ২৫ লাখ টাকা নির্যাস ট্রেডিং কর্পোরেশনে বিনিয়োগ করেন ভুক্তভোগী শাকের খোকন। চুক্তির শর্তানুসারে বিনিয়োগকৃত টাকার লভ্যাংশ সমহারে বন্টনের কথা থাকলেও নির্যাস করপোরেশনের কথিত ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী ও চেয়ারম্যান এনামুল হক চৌধুরী জালাল দু’জনে ভুয়া ভাউচারে মুহাম্মদ শাকের খোকনের স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। চুক্তির শর্তানুসারে আয়-ব্যয়ের অডিট রিপোর্ট, ডেবিট, ক্রেডিট ভাউচার ও ক্যাশ বইয়ের হিসাব চাইতে গেলে বাদিকে হত্যার হুমকি দেয়।
হত্যা ও হুমকি দেয়ায় মামলার বাদি পাঁচলাইশ থানায় একটি জিডিও করেন বলে জানান মামলার বাদি শাকের খোকন।
মামলার বাদি শাকের খোকন জানান, নির্যাস করপোরেশন একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রতারিত হয়েছি। আমার বিপুল পরিমাণ টাকা তারা দিচ্ছে না। এ কারণে আদালতে মামলা করেছি। আরও অনেকে প্রতিষ্ঠানটি বিনিয়োগ করে প্রতারিত হয়েছে।
বাদি পক্ষের আইনজীবী আহমদ কবির বলেন, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে নির্যাস করপোরেশনের দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে পিবিআই চট্টগ্রামকে (মেট্রো) তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দিয়েছেন।








