সীতাকুণ্ড প্রতিনিধি: ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহণ, মজুদ ও বিক্রি বন্ধ থাকবে।
নিষেধাজ্ঞার প্রথম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৫ মন ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
প্রতিবছর আশ্বিনের ভরা পূর্ণিমার আগে-পরে মিলিয়ে মোট ১৫ থেকে ১৭ দিন হচ্ছে ইলিশের ডিম ছাড়ার আসল সময়। এসময় সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে ছুটে আসে। এই সময়কে বিবেচনায় নিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও মোট ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশকে স্বাচ্ছন্দ্যে ডিম ছাড়ার সুযোগ দিতেই সরকার দেশের সব নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আর এ নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ইলিশ মাছ ধরতে যায় নদীতে।
সোমবার সকাল থেকে দিনব্যাপী সীতাকুণ্ড উপজেলার কুমিরা থেকে ফৌজদারহাট পর্যন্ত অভিযান চালায় উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার শামীম আহমেদ। এসময় তাকে সহযোগীতা করেন বাংলাদেশ কোষ্টগার্ড।
জব্দকৃত ১৫ মন ইলিশ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও গরিব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয় বলে জানান মৎস্য কর্মকর্তা।








