Site icon CPLUSBD.COM

‘নিয়াজ মোর্শেদ এলিট ব্লাড ডোনার্স ক্লাব’র সম্মাননা লাভ

সিপ্লাস ডেস্ক: মুমুর্ষ রোগীদের সংকটময় মুর্হূতে লাল ভালোবাসা বিলিয়ে আসা চট্টগ্রামের ‘নিয়াজ মোর্শেদ এলিট ব্লাড ডোনার্স ক্লাব’কে মানবিক ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল ৫টায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তিম ব্লাড ডোনার সোসাইটি’র ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। সংগঠনটির সদস্যদের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

স্বেচ্ছায় রক্তদাতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে ‘নিয়াজ মোর্শেদ এলিট ব্লাড ডোনার্স ক্লাব’র সদস্যরা।

শুক্রবার বিকেলে নগরীর মিউনিসিপ্যাল প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সভাপতি ডা. শফিউল আজম, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিলু নাগ, বাংলাদেশ ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য্য প্রমুখ।

দিনব্যাপী এই অনুষ্ঠানে চট্টগ্রাম নগরীর আরও ৪০টি রক্তদাতা সংগঠনকে এ সম্মাননা দেওয়া হয়।

‘নিয়াজ মোর্শেদ এলিট ব্লাড ডোনার্স ক্লাব’র প্রধান সমন্বয়ক তাহসীন আহমেদ বেলাল বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে নিয়াজ মোর্শেদ এলিট ব্লাড ডোনার্স ক্লাব মানবতার কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে আমাদের সহস্রাধিক স্বেচ্ছায় রক্তদাতা রয়েছেন, যারা জরুরি প্রয়োজনে মুমুর্ষ রোগীদের রক্ত দিচ্ছেন। এ সংগঠনের সহস্রাধিক সদস্য সার্বক্ষণিক অনলাইনে সংযুক্ত থাকেন মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াতে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে অন্যান্য সামাজিক সংগঠনের মাধ্যমেও ‍মুমুর্ষ রোগীদের রক্ত জোগাড় করে দেয়া হচ্ছে। সংগঠনের প্রতিষ্ঠাতা নিয়াজ মোর্শেদ এলিট ভাইয়ের সার্বিক নিদের্শনা ও পৃষ্টপোষকতায় আমরা মানুষকে লাল ভালোবাসা বিলিয়ে যাব।’