আন্দোলনের মুখে নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দিতে সরকারের কাছে প্রতিশ্রুতি দিয়েছে মালিকপক্ষ।
নৌযান শ্রমিকরা আকস্মিক ধর্মঘট ডাকার পর বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মালিক-শ্রমিক প্রতিনিধিদের নিয়ে ত্রি-পক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি আসে।
বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক দেওয়ার কার্যক্রম তদারক করবে নৌ পরিবহন অধিদপ্তর।
নিয়োগপত্রের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে দেশের নৌযান শ্রমিকরা; প্রতিবারই দাবি পূরণের আশ্বাস পেলেও নিয়োগপত্র আর পাননি তারা।
বুধবার আকস্মিকভাবে নৌযান শ্রমিকরা ধর্মঘট ডাকলে সারাদেশে লঞ্চ ও লাইটার জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। পরে সচিবালয়ে আলোচনায় বসেন নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা।
বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী নৌযান শ্রমিক ফেডারেশন নেতাদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান। শ্রমিক ইউনিয়নের নেতারা সেই আহ্বানে সাড়া দিয়ে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে বলা হয়, “নৌ পরিবহন খাতে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদানের বিষয়ে মনিটরিং এর জন্য নৌ পরিবহন অধিদপ্তর তাদের বার্ষিক সার্ভে চেক লিস্টে অন্তর্ভুক্ত করবে। এ খাতের শ্রমিকদের খাদ্যভাতা দেওয়ার বিষয়ে বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”
নৌ পরিবহন শ্রমিকদের প্রোভিডেন্ড ফান্ড এবং ওয়েলফেয়ার ফান্ড বাস্তবায়নের জন্য নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৈঠকে মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অনল চন্দ্র দাস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায়, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান, বিআইডাব্লুটিএ এর চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম, নৌ পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও জরিপকারক মনঞ্জুরুল কবীর, বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার্স ওনার্স এসোসিয়েশনের সভাপতি খন্দকার মশিউজ্জামান রুমেল, সাধারণ সম্পাদক হাসামুল বারী, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম অংশ নেন।








