সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার নাছিয়া ঘোনার পাহাড়ি এলাকার শীর্ষ সন্ত্রাসী নুর আলম (৩০)। এলাকায় মানুষের কাছে নুরু নামে পরিচিত হয়ে উঠেন ১ নং ঝিল এলাকার অঘোষিত ‘ডন’। তার বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদক, অস্ত্র ও কাঠ পাচার আইনে ১৮টি মামলা রয়েছে। এ সব মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে তাকে আটক করার জন্য যায় পুলিশ।

এ অভিযানে পুলিশের হাত ধরাও পড়েন তিনি কিন্তু নুরু বাহিনীর তোপের মুখে অসহায় হয়ে পড়েন পুলিশ। এ সুযোগে পুলিশের কাছ থেকেই ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে শীর্ষ সন্ত্রাসী নুরুকে।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে নুরুকে গ্রেপ্তারে আকবর শাহ ১ নম্বর ঝিলে পুলিশি অভিযান শুরু হলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া গেছে। প্রথমে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়লে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। এর জবাবে নুরু বাহিনীর সদস্যরাও গুলি ছোড়ে। এক পর্যায়ে নুরুকে পুলিশের হাত থেকে ছিনতাই করে নিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুরু ১ নম্বর ঝিল এলাকার অঘোষিত ‘ডন’। স্থানীয় সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিমের ছত্রচ্ছায়ায় এই এলাকায় অবাধে মাদকব্যবসা , চাঁদাবাজি, ভূমি দস্যুতাসহ অসংখ্য অপরাধের নেতৃত্ব দেওয়া এই নুরু ১ নম্বর ঝিল এলাকার পাহাড়ের ওপর তার দলবল নিয়ে আস্তানা গেড়ে যাবতীয় অপরাধ কার্যক্রম পরিচালনা করে।
চট্টগ্রাম মেট্রোপোলিটন পুলিশের পাহাড়তলী জোনের সহকারী কমিশনার মো. আরিফ হোসেন বলেন, ‘নুরু একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্টও রয়েছে। আমরা সেখানে যাওয়ার পর নুরু তার দলবল নিয়ে হামলা করে পুলিশের উপর। সেই সময় পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি ছোঁড়ে। এই ঘটনায় আকবর শাহ থানায় একটা নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।’








