ফেনীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের যুক্তিতর্ক খণ্ডনের দিন ধার্য করেছেন আদালত।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট এম শাহজাহান সাজু জানান, আজ নুসরাত হত্যা মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ করে বাদী পক্ষের যুক্তিতর্ক চলে।
আগামী রোববার রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের যুক্তিতর্ক ফের শুরু হবে।
এ ঘটনায় নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে আটজনকে আসামি করে সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি পিবিআইতে স্থানান্তর করা হয়। পুলিশ ও পিবিআই এ মামলায় ২২ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ১২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়।
এর আগে গত ২৭ মার্চ নিজ কক্ষে ডেকে নুসরাতকে শ্লীলতাহানি করেন অধ্যক্ষ সিরাজউদৌলা। এ ঘটনায় নুসরাতের মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা করলে পুলিশ সিরাজউদৌলাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ওই মামলা তুলে না নেয়ার কারণে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় নুসরাতকে।








