সিপ্লাস প্রতিবেদক: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদন, সংরক্ষণ এবং মানবদেহের জন্য ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগে হাটহাজারীর ত্রিবেণী মিষ্টি ভান্ডার নামে একটি প্রতিষ্ঠানকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।
সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্লাহ বলেন, কয়েকদিন ধরে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে খাবারের মান নিয়ে বিভিন্ন অভিযোগ পেয়ে আজ (শনিবার) প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালানো হয়। এতে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে খাবার। এছাড়া ব্যবহার করা হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকারক রং। সবকিছু বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।








