সিপ্লাস ডেস্ক: নয়টি ই-কমার্স কোম্পানির ব্যবসার হিসাব খতিয়ে দেখতে নিরীক্ষক নিয়োগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে ওই চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক অতিরিক্ত সচিব হাফিজুর রহমান।
নয়টি ই-কমার্স কোম্পানি হল: ই-অরেঞ্জ, ধামাকা, কিউকম, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, বুম বুম, আদিয়ান মার্ট, নিড ডটকম ডটবিডি ও আলেশা মার্টের আর্থিক লেনদেন বিষয়ে জানতে গত আগস্টের শেষ দিকে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।
এখন তারা এসব প্রতিষ্ঠানে নিরীক্ষক নিয়োগ দিয়ে ব্যবসার হিসাব বের করার পরামর্শ দিয়ে চিঠি পাঠিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের পরিচালক অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বলেন, ‘ব্যবসার বিস্তারিত তথ্য জানতে নিরীক্ষক নিয়োগ দেওয়ার প্রসঙ্গটি এসেছে। আমরা এই বিষয়ে কাজ করছি।’
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা মন্ত্রণালয় থেকে এখনো কোনো সিদ্ধান্ত পাইনি। মন্ত্রণালয়কে বলেছি, এই প্রতিষ্ঠানগুলোর অবস্থা বুঝতে হলে তৃতীয় কোন পক্ষকে দিয়ে অডিট করাতে হবে।’
কয়েক বছর ধরেই সমৃদ্ধ হচ্ছিল দেশে ই-কমার্সের ব্যবসা। তবে করোনা মহামারিতে নতুন নতুন বেশ কিছু কোম্পানি রাতারাতি ফুলে ফেঁপে উঠতে শুরু করে। বাজারমূল্যের চেয়ে অর্ধেক দামে পণ্য বিক্রির প্রলোভন দিয়ে লাখ লাখ গ্রাহকের হাজারো কোটি হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠছে।
অর্ডার করা পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে না পাওয়ার অভিযোগ রয়েছে গ্রাহকের। তাদের অনেকে মাসের পর মাস অপেক্ষা করেও পণ্য বুঝে পাননি। এদিকে কোম্পানিও তাদের টাকাও ফেরত দিচ্ছে না। অপেক্ষার পর অপেক্ষা করতে বলছেন।
এসব ঘটনায় ইভ্যালি, ই-অরেঞ্জসহ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে বেশ কিছু সম্প্রতি মামলা দায়ের করা হয়েছে। প্রতারণার অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পক্রিয়া চলমান রয়েছে।








