সিপ্লাস প্রতিবেদক: পটিয়ায় বুধবার দুই মেয়েকে গলাটিপে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করা সেই বাবা মুকুন্দ বড়ুয়া (৫৬) মারা গেছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুকুন্দ বড়ুয়া মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন।
তিনি জানান, মেয়েদের হত্যা করে বিষপান করা সেই বাবা চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বুধবার সকালে অচেতন অবস্থায় মুকুন্দ বড়ুয়াকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাতে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের ভাণ্ডারগাঁও গ্রামের নিজ বাড়িতে দুই মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী শশি বড়ুয়া ওরফে টুকু বড়ুয়া (১৪) এবং পঞ্চম শ্রেণির ছাত্রী নিশু বড়ুয়া (১১) কে গলা টিপে হত্যার পর বিষপান করেন মৌলভীবাজারের শাক্যপদ বড়ুয়ার ছেলে মুকুন্দ বড়ুয়া।

