সিপ্লাস প্রতিবেদক: পটিয়ার শিকলবাহার মুরারী খালের কালারপোল সেতু এলাকায় ৭০০ টন পাথর বোঝাই জাহাজ(বাল্ডহেড) ডুবে গেছে।
মঙ্গলবার (২ মার্চ) সকালে পটিয়া- আনোয়ারার সীমান্তে নির্মাণাধীন কালিগঞ্জ সেতুর জন্য নগরীর মাঝিরঘাট থেকে পাথর নিয়ে যাবার সময় কালার পোল সেতু এলাকায় একটি পুরানো পিলারের সাথে ধাক্কা লেগে বাল্কহেডটি ডুবে যায়।
এ সময় ওই নৌযানে ২৪ জন শ্রমিক ও ৫ জন স্টাফ ছিলেন।
নুরুল ইসলাম ও বাল্কহেড চালককে আহত অবস্থায় উদ্ধার করে মেডিক্যালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রহমত আলী ও আবুল কালাম মুন্সী নামের দুইজন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
নিখোঁজ রহমত আলী(৪৫) সুনামগঞ্জ জেলার চেরাগ আলীর ছেলে এবং আবুল কালাম মুন্সী(৫০) নোয়াখালীর ছৈয়দ আহম্মদ এর ছেলে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর ডুবুরি দলের সদস্য তপু বড়ুয়া বলেন বলেন, পানির তীব্র স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধারে তল্লাশিকাজে বিঘ্ন ঘটছে। আমরা ডুবে যাওয়া বাল্কহেড সার্চ করেছি।
বাল্কহেডে থাকা মাঝি মিরাজ জানিয়েছেন, ২৪ জন শ্রমিকসহ পাথরবোঝাই বাল্কহেডটি সাইটে যাওয়ার পথে পানিতে ডুবে থাকা একটি পুরনো পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তলা ফেটে যায় এবং কয়েক মিনিটের মধ্যে ডুবে যায়। এ সময় একজন শ্রমিক লাফ দিয়েছিলেন, আরেকজন ঘুমিয়ে ছিলেন। তারা দুইজন নিখোঁজ রয়েছেন।








