পটিয়া প্রতিনিধি: পটিয়ায় বিশেষ অভিযানে একটি মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ১৫ লাখ টাকার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পটিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের কমলমুন্সির হাটে চেকপোস্ট বসিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৫০১০ পিস ইয়াবাসহ দুই জন মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে ।
আটককৃতরা হলেন, পটিয়া উপজেলার চনহরা ইউনিয়নের চাটরা গ্রামের নুরুল ইসলাম (৩৫) এবং কর্ণফুলী উপজেলার সিকলবাহার আইয়ুব আলী (৩০)।
পটিয়া থানার সেকেন্ড অফিসার খালেদ জানান, ইয়াবা বহনকারী দুই যুবক কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আসার পথে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে কোর্টে পাঠানো হয়েছে। পরবর্তীতে রিমান্ডে এনে তাদের আরো জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে ।








