Site icon CPLUSBD.COM

পটিয়ায় গভীর রাতে সীমানা দেয়াল ভেঙে মালামাল লুট

পটিয়ায় গভীর রাতে সীমানা দেয়াল ভেঙে মালামাল লুট

পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌর সদরের ৫নং ওয়ার্ডের বুদুরুজ মেহের বাড়ীর বেলাল উদ্দীন নামের জনৈক ব্যক্তির নির্মাণাধীন পাকা গৃহের বাউন্ডারী ওয়াল (সীমানা দেয়াল) ভাংচুর চালিয়ে মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

গভীর রাতে একটি দুস্কৃতিকারী দল উক্ত পাকা গৃহে হানা দিয়ে ভাংচুর চালায় ও মালামাল লুট করে বলে বেলাল উদ্দীনের অভিযোগ।

এ ব্যাপারে বেলাল উদ্দীন বাদী হয়ে গোলামুর রহমান, কলিমুর রহমান ও আজগরসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে গতকাল (সোমবার) পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বেলাল উদ্দীন বুদরুজ মেহের বাড়ীর কলিমুর রহমান থেকে ২০১৬ সালে জায়গা ক্রয় করে। গত মার্চ মাসে উক্ত জায়গায় একটি পাকা গৃহ নির্মাণ কাজ শুরু করে। সেখানে কতিপয় ব্যক্তি চাঁদা দাবীসহ বিভিন্ন সমস্যা সৃষ্টি করে আসছিল। গত রবিবার গভীর রাতে গোলামুর রহমান এর নেতৃত্বে অজ্ঞাতনামা ৭/৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে বেলাল উদ্দীনের নির্মাণাধীন গৃহে হানা দিয়ে বাউন্ডারী ওয়াল ভাংচুর করে এবং পাকা গৃহের ভিতরে থাকা ইট, সিমেন্ট, লোহার রডসহ প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা বেলাল উদ্দীনকে হত্যার হুমকি দেয় বলে অভিযোগে বলা হয়।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান এ সংক্রান্ত থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। এস,আই ক্যামং মার্মাকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

এস.আই ক্যামং মার্মা সিপ্লাস টিভিকে বলেন, আমরা ঘটনা স্থলে গিয়ে প্রাথমিক ভাবে বাউন্ডারী ওয়াল ভাংচুরের প্রমাণ পেয়েছি।তদন্ত সাপেক্ষে দোষীদের ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে বিবাদী গোলামুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সিপ্লাস টিভিকে বলেন, আমি গরীব মানুষ তাই আমার বিরুদ্ধে যড়যন্ত্র করছে। বাউন্ডারী ওয়াল মনে হয় জমিদার ভাংচুর করেছে।