পটিয়া প্রতিনিধি: পটিয়ায় চেক প্রতারণা মামলায় খলিলুজ্জামান আমিরী শিবলু নামের এক আ’লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুল কাদের শুনানী শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তার বিরুদ্ধে পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী সেকান্দর আলী বাদী হয়ে আদালতে ৭ লাখ টাকার একটি চেকের মামলা করেন। ওই মামলায় আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। শিবলু আমিরী পটিয়া পৌরসভা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, পটিয়া পৌরসভার গোবিন্দারখীল এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী সেকান্দর আলীর সঙ্গে আ’লীগ নেতা শিবলুর ব্যবসায়িক লেনদেন ছিল। ব্যবসাকে কেন্দ্র করে শিবলু আমিরী সেকান্দর আলীকে ৭ লাখ টাকার বিপরীতে একটি চেক প্রদান করেন। ওই টাকা পরিশোধ না করায় পটিয়া পৌরসভা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শিবলু আমিরীর বিরুদ্ধে পটিয়া আদালতে একটি মামলা করেন। ওই মামলায় ১৪ লাখ টাকা ডিক্রি এবং ৬ মাসের কারাদন্ড হয়। নিয়ম মোতাবেক ৩ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করে ছাড়া পেয়ে চট্টগ্রাম জেলা জজ আদালতে আপিল করেন। আপিল মামলা উভয়পক্ষের উপস্থিতিতে শুনানী শেষে খারিজ করে নিম্ম আদালতের রায় বহাল রাখেন এবং আসামীকে ৩০ দিনের মধ্যে নিম্ম আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
সে মোতাবেক বৃহস্পতিবার অগ্রিম জামিন নিতে গেলে বিজ্ঞ বিচারক শুনানী শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামীর পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট কাজী জসিম উদ্দিনসহ ৫জন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি বদিউল আলম ও এডভোকেট মো. মহিউদ্দিন।
মামলার বাদী ক্ষুদ্র ব্যবসায়ী সেকান্দর আলী জানিয়েছেন, চেকের মামলা করার কারণে তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি ছাড়াও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে।








