চট্টগ্রামের পটিয়া উপজেলার মধ্যম গোবিন্দরখিল গ্রামে ছুরিকাঘাতে এক দিনমজুর নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে মো. জসিম (২৫) নিহত হন, তিনি স্থানীয় রাকিব হোসেনের ছেলে।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, স্থানীয় জীবন নামের এক যুবকের কাছে সাথে তর্কাতর্কির জের ধরে এ ঘটনা ঘটেছে।
“জীবন ও নিহত জসিম দুজনই দিনমজুরি করে। জসিমের কাছ থেকে জীবন দেড়শ টাকা ধার নিয়েছিল। রাতে গ্রামের এক চায়ের দোকানে থাকা অবস্থায় জসিম সেই টাকা ফেরত চায়। টাকা না দিতে পারলে জীবনের মোবাইল সেটটি দিয়ে দিতে বলে। এ নিয়ে কথা কাটাকাটি হয়।”
ওসি বোরহান জানান, এর কিছুক্ষণ পর চা দোকানের অদূরে গ্রামের রাস্তার মাথায় ছিলেন জসিম। সেখানে গিয়ে জসিমের উপর হামলা চালায় জীবন ও তার ভাই ইমন।
পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত জসিমকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ সেখানে গেলেও জীবন ও ইমন পালিয়ে যান।

