পটিয়া প্রতিনিধি: পশ্চিম পটিয়া অটো টেম্পু, অটো সিএনজি বহুমূখী সমবায় সমিতির নির্বাচনে লাঠিসোটার মহড়া দেওয়া হয়েছে। বুধবার বিকেলে ভোট গণনাকালে এক প্রার্থীর সর্মথক ভোট কেন্দ্রের ভিতরে অবস্থান করার অভিযোগ তুলে অপর প্রার্থীর লোকজন প্রথমে ধাওয়া করে। এ ঘটনা জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জানা গেছে, পশ্চিম পটিয়া অটো টেম্পু, অটো সিএনজি বহুমূখী সমবায় সমিতির মেয়াদ পূর্ণ হওয়ায় বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকালে ভোট শুরু হলেও বিকেলে নির্ধারিত সময়ে ভোট সম্পন্ন হয়। এতে সভাপতি প্রার্থী ছিলেন-৩জন, সাধারণ সম্পাদক প্রার্থী-২ জন, সহ-সভাপতি-৩ জন, অর্থ সম্পাদক-২ জন, সহ-সাধারণ সম্পাদক-৩ জন, সাংগঠনিক সম্পাদক-৩ জন, প্রচার সম্পাদক-৩ জন, দপ্তর সম্পাদক-২ জন ও সদস্য পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। পটিয়া থানার উপ-পরিদর্শক মোক্তার হোসেন জানিয়েছেন, শ্রমিক সংগঠনের ভোট সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
ভোট গণনার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা হয়েছে। তবে কেউ আহত হয়নি। শ্রমিক সংগঠনের সভাপতি প্রার্থী সেলিম রেজা জানিয়েছেন, সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। ভোট গণনার সময় দুই প্রার্থীর সমর্থকদের বাকবিতন্ডার জের ধরে উত্তেজনা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নির্বাচনে দায়িত্বথাকা প্রিসাইডিং অফিসার ও পটিয়া উপজেলা সমবায় কর্মকর্তা হাবিবুল্লাহ চৌধুরী জানিয়েছেন, শ্রমিক সংগঠনের নির্বাচনে ভোট কেন্দ্রের ভিতরে কোন ঘটনা ঘটেনি। তবে ভোট কেন্দ্রের বাইরের ঘটনা তিনি জানেন না।








