পটিয়া প্রতিনিধি: পটিয়া পৌর সদরে জাল ওয়ারিশান সনদ দিয়ে আবুল কাশেম প্রঃ ছন্দা কাশেম নামের এক ব্যক্তি নামজারী খতিয়ান সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নামজারী খতিয়ানটি বাতিলের জন্য আবুল আবছার নামের এক ব্যক্তি রোববার পটিয়া সহকারী কমিশনার (ভূমি) অফিসে একটি আপত্তি দাখিল করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া পৌর সদরের ৪নং ওয়ার্ডের অধিবাসী মরহুম আবদুল বারিকের ২য় স্ত্রী ছমুদা খাতুন নিঃসন্তান অবস্থায় মারা যায়। ছমুদা খাতুনের স্বামী কর্তৃক প্রাপ্ত বি,এস খতিয়ান ভূক্ত ভূমি হাতিয়ে নেওয়ার জন্য আবুল কাশেম ছমুদা খাতুনের ওয়ারিশ দেখিয়ে পটিয়া পৌরসভা ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম এর ভূয়া স্বাক্ষর দিয়ে একটি ওয়ারিশান সনদ সৃষ্টি করে। এছাড়া ভূমি অফিস থেকে ছমুদা খাতুনের ১২ শতক ভূমির নামজারী খতিয়ান অনুমোদন নেয়। বিষয়টি প্রকাশ পেলে কাউন্সিলর নুরুল ইসলাম প্রত্যয়ন পত্রের মাধ্যমে জানায় যে, গত ০৫/০৮/২০০৪ সালে ওয়ারিশান সনদটি তিনি ইস্যূ করেননি এবং সনদের স্বাক্ষরটিও তার নয়।
আপত্তিকারী আবুল আবছার জানান ছমুদা খাতুন জীবিত থাকাবস্থায় তার স্বামীর প্রাপ্য ১ কানি ১৪ শতক ভূমি আবুল আবছার সহ ৫ ভাইয়ের নামে ৪৩৩৬ নং দলিল মূলে হস্তান্তর করেছে। এতে আবুল কাশেম এর কোন ভূমি নেই।
এ বিষয়টি নিয়ে আবুল আবছার ফৌজদারী মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায়।
এবিষয়ে জানার জন্য পটিয়া সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেনকে ফোন করা হলে মোবাইল ফোন বন্ধ থাকায় বক্ত্যব নেওয়া সম্ভব হয়নি।
এব্যাপারে আবুল কাশেম থেকে জানতে চাইলে তিনি বলেন,আমি যদি জাল ওয়ারিশান সনদ সৃষ্টি করে থাকি তাহলে মূল ওয়ারিশান সনদ দিয়ে জায়গা নিয়ে যাবে। আর ওয়ারিশান সনদ কি আমি তৈরি করি।








