Site icon CPLUSBD.COM

পটিয়ায় নির্ধারিত সময়ের ৯দিন আগে করোনার টিকাদান তদন্তে কমিটি গঠন

সিপ্লাস প্রতিবেদক: নির্ধারিত সময়ের ৯ দিন আগেই পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে করোনাভাইরাসের টিকা দেওয়ার অভিযোগ ওঠার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. অজয় দাশকে প্রধান করে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. নুরুল হায়দার ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান সদস্য রেখে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার(৩০ জুলাই) ইউনিয়নের শোভনদণ্ডী আরফা করিম উচ্চ বিদ্যালয়ে এবং শনিবার শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজে সকাল থেকে দুপুর পর্যন্ত টিকা দেওয়া হয়।

এ প্রসঙ্গে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর গণমাধ্যমকে বলেন, সরকারিভাবে ইউনিয়ন পর্যায়ে টিকাদান শুরু হবে ৭ আগস্ট। তার আগে এভাবে টিকা দেওয়ার কোনো সুযোগ নেই।বিষয়টি জানতে পেরে আমরা তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সরকারি নির্দেশনা অনুসারে ৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রম শুরু হওয়ার কথা। এর আগে শুধু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।