সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের পটিয়ায় স্বামীর আঘাতে এক নারীর মৃত্যু হয়েছে, যার ঘাড়ে ও কপালে জখম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শেলী আক্তার (২৮) উপজেলার ছনহরা ইউনিয়নের গোয়াতলী গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী।
শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হলেও কামালকে পাওয়া যায়নি বলে পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে ইফতারের সময় ঠাণ্ডা পানি না পেয়ে জগ দিয়ে ঘাড়ের কাছে শেলীকে আঘাত করে কামাল। অজ্ঞান হয়ে যাওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“এসময় তারা বিষয়টি গোপন করে শেলীকে বাড়ি নিয়ে যায়। গভীর রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।”
ঘটনাস্থলে যাওয়া পটিয়া থানার এসআই বোরহান উদ্দিন মজুমদার জানান, কামাল-শেলী দম্পতির আট ও ছয় বছর বয়সী দুটি সন্তান আছে। ঘটনার সময় বাড়িতে ছিলেন শুধু স্বামী-স্ত্রী, সন্তানরা নানা বাড়িতে ছিল।
শেলীর বাবার বাড়ির লোকজন শুনতে পেয়ে সেখানে যায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই বোরহান বলেন, “সুরতহালে শেলীর ঘাড়ের উপরে একটি এবং কপালে দুটি জহমের চিহ্ন দেখা গেছে। তার বাবার বাড়ির লোকজনের অভিযোগ,কিছুদিন আগেও লাকীকে মারধর করেছে কামাল।
কামাল ও তার স্বজনদের ধরতে অভিযান চলছে বলে তিনি জানান।

