পটিয়া প্রতিনিধি: পটিয়ায় পুকুরে বিষ প্রয়োগে বিভিন্ন প্রজাতির ১৫ লাখ টাকা মূল্যের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নুর মোহাম্মদ নামের এক ব্যক্তিকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন ভুক্তভোগী আশীষ সেন।
জানা গেছে, পটিয়া উপজেলার ভট্টচার্য্য দীঘিতে আশীষ সেনসহ কয়েকজন মিলে অংশীদারীতে পুকুরে কয়েক বছর ধরে মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে গিয়ে দেখেন পুকুরের অধিকাংশ মাছ মরে গেছে এবং বাকিগুলো মরে যাচ্ছে। তাৎক্ষণিক চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে মরে ভেসে ওঠা মাছ দেখতে পায়। পূর্ব শত্রুতার জের ধরে নুর মোহাম্মদ নামের ব্যক্তি পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির ১৫ লাখ টাকা মূল্যের মাছ মেরেছে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি আশীষ সেন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে নুর মোহাম্মদ আমার পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার ক্ষতিসাধন করেছে। এজন্য আমি অনেক ঋণগ্রস্ত হয়ে পড়েছি। আমি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা ও প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

