সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় মারসা পরিবহণের একটি বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২জন।
নিহত যুবকের নাম আইয়ুব উদ্দীন (৩৫)।
বুধবার ( ২৬ মে মার্চ) দুপুর পৌনে ২ টার দিকে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আইয়ুব উদ্দীন ওই ইউনিয়নের ইয়াকুব নবীর ছেলে। আহত নাছির উদ্দীন (৩৫) ও মিতা (৩৫) নামে দুই জন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবদুস ছবুর বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদ অফিসের সামনে একটি সিএনজি অটোরিকশা মহাসড়কে উঠার চেষ্টা করলে কক্সবাজারগামী মারসা পরিবহণের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আইয়ুব উদ্দীন নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।








