পটিয়ায় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস চুরির সময় সিলিন্ডার বিস্ফোরণে ৫জন দগ্ধ হয়েছে।
আজ মঙ্গলবার ১০ ডিসেম্বর সকাল সোয়া ৯টার সময় উপজেলার বৈলতলী সড়কের কচুয়াই বাইপাস মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
এ ঘটনায় দগ্ধ ৫ জনকে উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদের মধ্যে চন্দনাইশ রসুনহাট সৈয়দাবাদ এলাকার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে আবু ছালেক (২৬) এর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
আগুনে দগ্ধ অন্যরা হলেন, পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের মো. আব্দুল মোনাফের ছেলে আবু সৈয়দ (৪০), চন্দনাইশের এনায়েত হোসেনের ছেলে মো. রহিম (৩৩), একই উপজেলার মীর আহাম্মদের ছেলে মো. আলী (৩২) ও আব্দুল মাহবুবের ছেলে সাজ্জাদ (২০)।
পটিয়া ফায়ার সার্ভিসের লিডার মো. হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে। ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি বলেন শ্রমিকদের দিয়ে কিছু অসাধু ব্যবসায়ি কয়েকশ গ্যাস সিলিন্ডার এখানে মজুদ রেখে সেগুলোতে ওজনে কারসাজি করছিলো। অসাবধানতা বশত হঠাৎ দুটি সিলিন্ডার বিস্ফোরিত হলে পুরো ঘরটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে ৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে গ্যাস সিলিন্ডারে ওজনে কারচুপির ঘটনায় বিস্ফোরণের পর ঘটনাস্থল পরিদর্শণ করেছেন প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। তারা কারচুপির স্থানটি সিলগালা করে দিয়েছে বলে জানা গেছে।








