নিউজটি শেয়ার করুন

পটিয়ায় সন্ত্রাসীদের দুই গ্রুপে দ্বন্দ্ব রক্তাক্ত যুবক, পুলিশ উদ্ধার করলো অস্ত্র

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় রাতের আধাঁরে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে আসে পুলিশ। এসময় তার পাশ থেকে একটি দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়।

সোমবার(১৭মে) রাত ১০টার সময় উপজেলার কোলাগাঁও ইউনিয়নের বাণীগ্রাম গরুলোটা খালের সংযোগ ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।

যুবকটির নাম মো. ওসমান হোসেন সানি (২৮)। সে উপজেলার আমজুরহাট এলাকার মোহাম্মদ নুরের পুত্র। সানির বিরুদ্ধে পটিয়া থানায় মামলা রয়েছে।

মূলত সন্ত্রাসীদের দ্বন্দের জের ধরে মারধর ও পরবর্তীতে হাতে অস্ত্র তুলে দিয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

মঙ্গলবার(১৮মে) সকালে সানিকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় একাধিক সন্ত্রাসী গ্রুপ বর্তমানে সক্রিয়। তারা জায়গা দখল-বেদখল ছাড়াও কিছুদিন ধরে পটিয়ায় অস্ত্র, গুলি ও ইয়াবা ব্যবসা করছে। সন্ত্রাসীদের দ্বন্দ্বের জের ধরে প্রায় সময় মারামারির ঘটনাও ঘটে। সোমবার রাতে কোলাগাঁও বাণীগ্রাম এলাকায় সানিকে ডেকে নিয়ে প্রতিপক্ষের লোকজন মারধর করে রক্তাক্ত করে এবং তার হাতে একটি অস্ত্র তুলে দেন। পটিয়া কালারপুল পুলিশ ফাঁড়ির একটি টিম সানিকে রাতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সানিকে মারধরের পর তার হাতে অস্ত্র তুলে দিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দিয়ে ভাইরাল করেছে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, দুই সন্ত্রাসী গ্রুপের দ্বন্দ্বের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। তবে অস্ত্র সানির হাত থেকে পাওয়া না গেলেও তার পাশ থেকে পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাবাদ শেষে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে এবং প্রকৃত ঘটনা বের করতে পুলিশ কাজ করছে।