Site icon CPLUSBD.COM

পটিয়ায় হেফাজতের নামে বিএনপির নেতাকর্মীদের হয়রানির নিন্দা

পটিয়া প্রতিনিধি: হেফাজতের নেতাকর্মীদের গ্রেফতারের নামে পটিয়ায় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলে দাবি করেছে পটিয়া উপজেলা বিএনপি।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক এনাম, সদস্য সচিব খোরশেদ আলমের যৌথ এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

হেফাজতের বিরুদ্ধে দায়ের করা মামলায় পটিয়া উপজেলা ছাত্রদল নেতা মোশারফ হোসেন রুবেল, যুবদল নেতা খোরশেদ আলম অনু, ছাত্রদল নেতা ফোরকান উদ্দিন সোহেলসহ জিরি, খরনা, কচুয়াই, শোভনদন্ডী, বড়লিয়া ইউনিয়নে পুলিশ রাতের অন্ধকারে অভিযান চালিয়ে এ পর্যন্ত ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পুলিশ বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে ঢুকে তল্লাশির নামে বিএনপির নেতাকর্মীদের না পেলে পরিবারের লোকজন ও মা বোনদের সাথে গালিগালাজ করে অশালীন আচরন করছে।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, জন বিচ্ছিন্ন ভোটারবিহীন এই অবৈধ মিডনাইট সরকার মিথ্যা গায়েবী মামলা দিয়ে গদি রক্ষা করতে পারবে না। হয়রানিমূলক অভিযান বন্ধ, ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান।