পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে হেফাজতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
তারা হলেন- উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ইমতিয়াজ হোসেন, মৌলানা মুফতি আরিফুল ইসলাম, মো. বেলাল উদ্দিন, জিরি ইউনিয়নের মো. জসিম উদ্দিন ও মো. খোরশেদ আলম।
শুক্রবার রাতে পুলিশ শোভনদন্ডী ও জিরি ইউনিয়নে অভিযান চালিয়ে হেফাজতের এসব নেতাকর্মীকে গ্রেফতার করে।
জানা গেছে, হাটহাজারীতে পুলিশ ও হেফাজতের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনাকে ইস্যু করে পটিয়া আল জামিয়া মাদ্রাসা ও জিরি মাদ্রাসা থেকে গত ২৬ মার্চ এক বিক্ষোভ মিছিল বের করে। ওই দিন হেফাজতের নেতাকর্মীরা পটিয়া থানার সিকিউরিটির রুমের গ্লাস ও লাইট ভাংচুর করে।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক মো. বোরহান উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ৭শ নেতাকর্মীদের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ হেফাজতের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেন।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, বিক্ষোভ মিছিলের নামে হেফাজতের নেতাকমীরা পটিয়া থানার সিকিউরিটির রুমের গ্লাস ও লাইট ভাংচুর করেছে। যারা এই ঘটনায় সাথে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে।

