দেশের শেয়ারবাজারে রোববার (৮ডিসেম্বর) বড় দরপতনে শেষ হয়েছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সবকটি মূল্য সূচকের বড় পতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। গেল সপ্তাহজুড়েই অব্যাহত ছিল পতন। আজ বড় দরপতন দিয়ে শুরু হলো সপ্তাহ।
এদিন লেনদেনের শুরুতে উত্থান থাকলেও ৩০ মিনিট পর সেল প্রেসারে টানা নামতে থাকে সূচক। রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ৮৩ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকা।
দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৫৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৪১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৮৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ১ লাখ ৪৩ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ১৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৮৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৪ কোটি ২৫ লাখ ৫৭ হাজার টাকা।
উল্লেখ্য, গেল সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে তিন দিনই কমেছে সূচক। তবে বাকি দুই কার্যদিবস বাড়লেও এর মাত্র ছিলো সামান্য। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে সব ধরনের সূচকের পতন। এদিকে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও গত সপ্তাহে লেনদেনের পরিমান কিছুটা কমেছে। আলোচিত সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন কমেছে ২.৭৪ শতাংশ।








