সিপ্লাস ডেস্ক: নগরীর পথশিশুদের মাঝে ঈদের নতুন জামাকাপড় বিতরণ করছে সামাজিক ও মানবিক সংগঠন ইকো।
শুক্রবার (৭মে) আসন্ন ঈদ উপলক্ষে নগরীর চকবাজার ও আশপাশের এলাকায় ৩০০ জন সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে নতুন জামা কাপড় বিতরণ করেছে বেসরকারি সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা-ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান অপিনিয়ন (ইকো)।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, বীর মুক্তিযোদ্ধা সম্ভু দাশ, ইকো’র সভাপতি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি, সম্পাদক ড. ওমর ফারুক রাসেল, সম্পাদক মন্ডলীর সদস্য সাহেদ মুরাদ সাকু, এস এম আবু ইউসুফ সোহেল, কাজী মুহাম্মাদ রাজিশ ইমরান, আবু শাঈদ মাহমুদ রণী, জয়নুদ্দিন জয়, মো সজল মিয়া প্রমুখ।
পথ-শিশুদের মাঝে ঈদের নতুন জামা-কাপড় বিতরণকালে কমান্ডার মোজাফফর আহমদ বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের এসময় পথশিশুরা অনেক মানবেতর জীবন যাপন করছে। এরপরও ঈদের আনন্দ শুধু নিজের জন্য নয় বরং সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার মধ্য দিয়েই পূর্ণতা আসে। পথ-শিশুরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু জীবনের প্রতিটি অধ্যায়ে পথ-শিশুরা বিভিন্ন ধরনের অবহেলা আর বঞ্চনার শিকার। সরকার ও সমাজের বিত্তবানদের সুদৃষ্টির অভাবে এরা বরাবরই আনন্দ খুশি থেকে বঞ্চিত থাকে। সমাজের উচ্চবিত্তদের সামান্য সহযোগিতায় সুবিধাবঞ্চিত পথশিশুরা আনন্দ উৎসবের অংশীদার হতে পারে।
সামাজিক ও মানবিক সংগঠন ইকো’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, গতবছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এসময়েও প্রায় এগারো হাজার অসহায়, সুবিধাবঞ্চিত, ভাসমান মানুষের মাঝে রান্না করে খাবার, সুরক্ষা সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ ও তিনশত পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা তুলে দিয়েছিলো।
ইকো’র এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।
উল্লেখ্য, আগামী ঈদের আগেরদিন পর্যন্ত কমরেড এ. এম. এম শহীদুল্লাহ্ স্মৃতি সংসদের সহযোগিতায় ইকো’র উদ্যোগে পথশিশুদের মাঝে ঈদের নতুন জামাকাপড় বিতরণ অব্যাহত থাকবে।








