সিপ্লাস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবিতে চারজন নিহতের খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ আরো ২০-২৫ জন।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদরের নারায়ণপুর এলাকার ফিটুর দুই সন্তান আসমাউল (৫) ও আয়েশা (৩) এবং শিবগঞ্জ উপজেলার খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫০)। বাকি একজনের পরিচয় জানা যায়নি।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে শিবগঞ্জের বোগলাউড়ি ঘাট থেকে উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া যাওয়ার পথে এ নৌকাডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যালো মেশিনচালিত ওই নৌকায় অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। মাঝ নদীতে পৌঁছানোর পর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

